[জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি]
২৫ মে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। প্রেম, দ্রোহ, সাম্য আর মানবতার কবি নজরুলের জন্মদিন এক উৎসব বঙ্গাঞ্চলে। আমরাও এই উৎসবে যুক্ত হবো।
নজরুল জন্মেছিলেন বৃটিশ ইন্ডিয়ায় ১৮৯৯ সালে, সাহিত্যকৃতিও বৃটিশ ইন্ডিয়ায়। ১৯৪২ থেকে ১৯৭৬ পর্যন্ত তাঁর জীবন অন্য এক পরিমণ্ডলে আবর্তিত ছিলো। বাংলাদেশের স্বাধীনতার পর কবিকে ঢাকায় নিয়ে আসা হলো জাতির জনক শেখ মুজিবুর রহমানের আগ্রহে। কবি পেলেন জাতীয় কবির স্বীকৃতি। বঙ্গবন্ধুর আত্মজীবনীর বেশ কয়েক জায়গায় কবির কথা স্থান পেয়েছে।
গত ২০০ বছরের বাংলা সাহিত্যে মাইকেল, রবীন্দ্রনাথ এবং নজরুল বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত। এই তিনজনের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িকতা আবার অনন্য। বাকিরা সাম্প্রদায়িক ছিলেন তা ভাবার কোন কারণ নেই, কিন্তু নজরুল যে অসাম্প্রদায়িক ছিলেন তা সন্দেহাতীত। তিনি হিন্দু-মুসলিম মিলনের অগ্রদূত। একজন মুসলমান হওয়ার পরও তিনি নবী মুহম্মদের মধ্যে কৃষ্ণের রূপ দেখেছেন। মা ফাতেমার চরিত্র চিত্রণ করেছেন দেবী দুর্গার গুণাবলী দিয়ে। বিদ্রোহী কবিতার কাড়ি কাড়ি পৌরাণিক উপমার মধ্যে মুসলিম উপমা এসেছে হাতে গোণা কয়েকটি।














